প্রশাসন ও প্রভাবশলীরা মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অনৈতিক সুযোগ-সুবিধা নেয়ায় তাদেরকে ধরা যায় না। তাই প্রশাসনকে বলবো মাদকসেবী এবং মাদকের গডফাদার ও ব্যাবসায়ী সে যে দলেরই হোক না কেন তাকে ধরে কঠিনতম শাস্তি নিশ্চিত করতে হবে। শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এ কথা বলেন।
স্থানীয় টাউনক্লাব মাঠে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. আবু সাঈদ এর সভাপতিত্বে তিনি আরো বলেন, শুধু আইন প্রয়োগই নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত চেষ্টাই মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে তরুণ প্রজন্মকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, ‘আসুন, যারা মাদকের ব্যবসা ও মাদক সেবন করে তাদের প্রতিটি বাড়িতে লিখে দিয়ে আসি ‘এটি একজন মাদক কারবারির বাড়ি, এটি একজন মাদকসেবীর বাড়ি।’ তাদের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, তাহলে তারা মাদক ছেড়ে দিতে বাধ্য হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ পান্নালাল রায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা, মতিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত, প্রেসক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম, জেলা জামায়াতের সেক্রেটারী জহিরুল ইসলাম প্রমুখ। এর আগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।