স্পেন ও উরুগুয়েকে রুখে নকআউটে কেপ ভার্দে, সামনে মেসিদের চ্যালেঞ্জ

এফএনএস স্পর্টস: | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০২:০৫ পিএম
স্পেন ও উরুগুয়েকে রুখে নকআউটে কেপ ভার্দে, সামনে মেসিদের চ্যালেঞ্জ

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ে শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। এই সাফল্যের পর রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শুক্রবার (২৬ জুন) গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ০-০ গোলে ড্র করে কেপ ভার্দে। একই সময়ে স্পেন ১-০ গোলে হারায় দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে। ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় স্পেন। তিন ম্যাচে তিনটি ড্র থেকে ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে ইতিহাস গড়ে নকআউটে ওঠে কেপ ভার্দে। উরুগুয়ে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং সৌদি আরব চতুর্থ স্থানে থেকে বিদায় নেয়।

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই আলোচনায় চলে এসেছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দেওয়ার পর শেষ ম্যাচেও প্রয়োজনীয় এক পয়েন্ট তুলে নেয় তারা। সৌদি আরবের বিপক্ষে ম্যাচে রক্ষণভাগের দৃঢ়তায় প্রতিপক্ষকে কোনো সুযোগ কাজে লাগাতে দেয়নি আফ্রিকার দলটি।

ম্যাচ চলাকালেই অন্য ভেন্যু থেকে আসে স্পেনের এগিয়ে যাওয়ার খবর। উরুগুয়ে পিছিয়ে পড়ার সঙ্গে সঙ্গে কেপ ভার্দের নকআউটের সমীকরণ তাদের পক্ষেই চলে যায়। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র ধরে রেখে ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য নিশ্চিত করে তারা।

অন্যদিকে আর্জেন্টিনা আগেই নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছিল। সেই হিসেবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে খেলাই ছিল লিওনেল স্কালোনির দলের নকআউট সূচি। শেষ পর্যন্ত সেই জায়গা দখল করেছে কেপ ভার্দে।

আগামী শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়। বিশ্বকাপে দুই দলের এটিই হবে প্রথম মুখোমুখি লড়াই।

কাগজে কলমে আর্জেন্টিনা স্পষ্ট ফেবারিট হলেও কেপ ভার্দে ইতোমধ্যে দেখিয়ে দিয়েছে, বড় দলকে চাপে ফেলতে তারা জানে। অভিষেক বিশ্বকাপেই শেষ ৩২ নিশ্চিত করা দলটি এবার বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষেও নতুন বিস্ময় উপহার দেওয়ার স্বপ্ন দেখছে।

আপনার জেলার সংবাদ পড়তে