দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। শনিবার (২৭ জুন) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীনস্থ খানপুর বিওপির সদস্যরা দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব ট্যাবলেট জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, জব্দকৃত মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতেও অভিযান জোরদার করা হবে।