বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আস্তাইল গ্রামে অগ্নিকাণ্ডে আমান উল্লাহ স্টোর নামে একটি মুদি/ভ্যারাইটিজ দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। দোকান মালিক আমান উল্লাহ মোল্লা জানান, তার স্ত্রী সন্তান প্রসব করায় নবজাতক সন্তান ও স্ত্রীর চিকিৎসার জন্য তিনি গোপালগঞ্জে অবস্থান করছিলেন। এ সুযোগে ভোররাতে কে বা কারা পরিকল্পিতভাবে তার দোকানে আগুন ধরিয়ে দেয় বলে তিনি অভিযোগ করেন। অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। স্থানীয়রা জানান, আগুনে দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।