চরভদ্রাসনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৫:১০ পিএম
চরভদ্রাসনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রবিবার ভিটামিন এ প্লাস ক্যম্পেইন জুন, ২০২৬খ্রি. সম্পন্ন হয়েছে। এ প্লাস ক্যম্পেইন সফল করতে উপজেলার ৯৭টি কেন্দ্রে প্রায় ১১৬১০ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়েছে। রবিবার সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, ভিটামিন এ প্লাস ক্যম্পেইনের আওতায় উপজেলার প্রতি ৬ মাস থেকে ১১ মাস বয়সী প্রতিজন শিশুকে একটি করে নীল রং এর ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতি শিশুকে একটি লাল রং এর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যম্পেইন সফল করতে এ বছর উপজেলায় মোট ৯৭ টি কেন্দ্র স্থাপন করা হয়। প্রতিটি ইউনিয়নে ২৪টি করে উপজেলার ৪টি ইউনিয়নে ৯৬টি কেন্দ্র সহ স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র নিয়ে মোট ৯৭টি কেন্দ্রে স্বাস্থ্য কর্মীরা শিশুদের ভিটামিন এ প্লাস খাইয়ে দেন। এ কর্মসূচী সফল করতে উপজেলায় ১৯৪ জন স্বেচ্ছাসেবী ও ৪৮ জন সুপারভাইজার ওই দিন সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত কাজ করেন বলে জানা যায়। ভিটামিন এ প্লাস গ্রহনকারী শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ জীবানু সংক্রমন রোধ ও শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে বলে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে