মোল্লাহাটে ঝুলন্ত উদ্ধার স্বর্ণ ব্যবসায়ীর দোকানের মালামাল জব্দ

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৬:৪৬ পিএম
মোল্লাহাটে ঝুলন্ত উদ্ধার স্বর্ণ ব্যবসায়ীর দোকানের মালামাল জব্দ

বাগেরহাটের মোল্লাহাটে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ মাঝির বন্ধ থাকা স্বর্ণের দোকান খুলে মালামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। শনিবার (২৭ জুন) দুপুরে প্রশাসনের উপস্থিতিতে মোল্লাহাট বাজারের ওই দোকানটি খোলা হয়। প্রদীপ মাঝির মৃত্যুর পর তার কাছে স্বর্ণ বন্ধক রেখে টাকা নেওয়া গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা বন্ধক রাখা স্বর্ণ ফেরত পাওয়ার দাবিতে প্রশাসনসহ বিভিন্ন মহলে যোগাযোগ করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দোকান খুলে ভেতরের স্বর্ণ ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত দাবিদারদের বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন ও মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক।

দোকান খোলা ও মালামাল জব্দের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বাজার কমিটির সভাপতি ও সম্পাদক, স্বর্ণ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা। এ সময় স্বর্ণ বন্ধক রাখা নারী-পুরুষ গ্রাহকরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুন রবিবার মোল্লাহাট উপজেলার গিরিশনগর গ্রামের মহাশ্মশানের কাছে একটি কচা গাছে ঝুলন্ত অবস্থায় প্রদীপ মাঝির মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও কাদামাটি থাকায় স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়। পরে মরদেহের ময়নাতদন্ত শেষে তার সৎকার সম্পন্ন করা হয়। নিহত প্রদীপ মাঝি গিরিশনগর গ্রামের সুমন্ত মাঝির ছেলে এবং মোল্লাহাট বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

আপনার জেলার সংবাদ পড়তে