বালুবাহী বাল্কহেডের ধাক্কায় বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট সংলগ্ন ব্রিজ ভেঙ্গে খালে পরে গেছে। ফলে চরম দুর্ভোগে পরেছেন এলাকাবাসী। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এমভি রাইয়ান নামের বালুবাহী একটি বাল্কহেড শনিবার দুপুরে জনতাহাট, ইউনিয়ন পরিষদ ও মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আয়রণ ব্রিজের নিচ দিয়ে অতিক্রম করার সময় লোহার পিলারের সঙ্গে ধাক্কা লেগে ব্রিজের মাঝের অংশ ভেঙ্গে পরে। এতে বাল্কহেডটি ব্রিজের নিচে আটকে পরে। ইলুহার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাহাতাব উদ্দিন বিষয়টি তাৎক্ষনিক বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমানকে মোবাইল ফোনে অবহিত করলে তিনি বাল্কহেডটি পরিষদের জিম্মায় আটকে রাখতে বলেন। ফলে বাল্কহেডটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করে পরিষদের জিম্মায় আটক করে রাখা হয়। পিরোজপুরের স্বরূপকাঠীর নান্দুহার গ্রামের রাজিব এ বাল্কহেডটির মালিক বলে জানা গেছে। রবিবার বিকেলে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান ভেঙ্গে পরা ব্রিজটি পরিদর্শন করেছেন।
এদিকে জনগুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এ ব্রিজের ওপর থেকে বানারীপাড়ার ইলুহার ও উদয়কাঠীসহ পাঁচটি ইউনিয়নের লোকজন মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলায় বাজার, হাসপাতাল, ক্লিনিক ও স্কুল কলেজ-মাদরাসায় যাতায়াত করে থাকেন। ব্রিজ ভেঙ্গে পরে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এসব এলাকার কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। তারা অবিলম্বে ভেঙ্গে পড়া ব্রিজের স্থলে নতুন গার্ডার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। ইলুহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চাঁন বলেন, এ ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ফলে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী থেকে উদয়কাঠী ও ইলুহার ইউনিয়ন হয়ে পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। তিনি দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয় ইজিবাইক চালকেরা জানিয়েন, ব্রিজ ভাঙ্গার ফলে এখন তাদের প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে উত্তর ইলুহার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ব্রিজ দিয়ে চলাচল করতে হচ্ছে। এলজিইডির বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ২০২৪ সালে এ ব্রিজটিকে পরিত্যক্ত ঘোষণা করে এখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য ঢাকায় অফিসে একাধিকবার প্রস্তাবনা পাঠানো হয়েছিল। কিন্তু কোন ফল পাওয়া যায়নি।
এখন যেহেতু বাল্কহেডের ধাক্কায় ব্রিজটি ভেঙ্গে পড়েছে স্থানীয় এমপি মহোদয়ের মাধ্যমে নতুন করে আবারও প্রস্তাবনা পাঠিয়ে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমান বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। এলজিইডির মাধ্যমে যত দ্রুত সম্ভব নতুন ব্রিজ নির্মাণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।