বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা ও উদ্দীপনা দেখে মুগ্ধ হয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি আশা প্রকাশ করে বলেছেন, একদিন বাংলাদেশও ফুটবল বিশ্বকাপের মঞ্চে খেলবে। শুক্রবার ২৬ জুন বিকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাপাড় সংলগ্ন শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডে শিমুলিয়া ঘাট ইজারাদারদের আয়োজনে স্থানীয় ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন আর্জেন্টিনার রাস্ট্রদূত। ৮ জন করে খেলোয়াড় নিয়ে দুই দলের একটিতে নেতৃত্বে ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ মো.কামরুজ্জামান রতন ও অপরটির নেতৃত্বে দেন আর্জেন্টিনার রাস্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা নিজেই। ২০ মিনিটের এই প্রীতি ফুটবল ম্যাচটিতে কোন পক্ষই গোল দিতে না পারায় ৩/৩ টাইব্রেকারের মাধ্যমে খেলাটি শেষ হয়। রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাকে একনজর দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত আর্জেন্টিনা সমর্থক শিমুলিয়া ঘাটে এসে ভীড় জমান।
খেলা শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘এখানে সবার সঙ্গে একসঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নিবে। ’ প্রীতিম্যাচ শেষে তিনি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পদ্মা নদীর মনোরম পরিবেশ ও পদ্মা সেতুর আশ পাশ ঘুরে দেখেন। পরে উপস্থিত সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দীর্ঘসময় ধরে উপস্থিত দর্শক ও সমর্থকদের সাথে ফটোসেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন পুস্তি, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার, সহ-সভাপতি মো. নুর আলী, লৌহজং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. লুৎফর রহমান পাভেল মোল্লা, কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাউছার তালুকদারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন। প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে শিমুলিয়া ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে খেলায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।