রংপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০২:৫৩ পিএম
রংপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করে রংপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রংপুর।

সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি। শিশুদের শ্রমে নয়, শিক্ষা, সুরক্ষা ও সুস্থ বিকাশে নিশ্চিত করতে পরিবার, সমাজ, নিয়োগকর্তা এবং সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশুশ্রমমুক্ত সমাজ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রতিটি শ্রমিকের জন্য নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করাও সময়ের দাবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম। বক্তারা শিশুশ্রম প্রতিরোধে আইন বাস্তবায়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা বিস্তার এবং শিশুদের অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রংপুর এর লেবার ইন্সপেক্টর (জেনারেল) মোফাকখারুল আলম, শ্রম পরিদর্শক আফজাল হোসেন, শ্রম পরিদর্শক (সেফটি) বিশ্বনাথ মোহন্ত, জুলফিকার আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি অভিভাবক, নিয়োগকর্তা এবং সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। শিশুর অধিকার সংরক্ষণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে একটি মানবিক ও টেকসই সমাজ বিনির্মাণ সম্ভব।

আপনার জেলার সংবাদ পড়তে