শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বন্দুকসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার (২৮ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়নরে (৩৯ বিজিবি) নকশী বিওপির টহলদল এই অভিযান পরিচালনা করে। আটক যুবকের নাম মো, পিয়ার আলী (৩২)। তিনি নওকুচি কোচপাড়া গ্রামের ফজল হকের ছেলে। তাকে সোমবার (২৯ জুন) ঝিনাইগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নকশী বিওপির টহলদল ওইদিন সন্ধ্যায় নওকুচি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে পিয়ার আলীকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে একটি দেশিও তৈরি এক নলা পাখি শিকারের বন্দুক উদ্ধার করা হয়। এ বিষয়ে ৩৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, চোরাচালান ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ ঝিনাইগাতী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইগাতী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের সোপর্দ করা হবে।