হামের প্রভাব থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশু প্রাণ হারাল

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৫:৪৯ পিএম
হামের প্রভাব থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশু প্রাণ হারাল

দেশজুড়ে হামের প্রভাব অব্যাহত রয়েছে। এতে করে প্রতিনিয়ত শিশুদের তাজা প্রাণ ঝরার পাশাপাশি মায়েদের কোল খালি হচ্ছে। একই সঙ্গে প্রতিদিনই রোগটিতে আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪১ শিশু। আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪ শিশু।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬২৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১৬টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৯৬২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৪১টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২১১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৮৫১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৩ হাজার ৮০৬ রোগী, যাদের মধ্যে ৮০ হাজার ১৯৩ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণের বিস্তার রোধে শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে