বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘টয় স্টোরি ৫’ ও ‘সুপারগার্ল’

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৬:৫৭ পিএম
বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘টয় স্টোরি ৫’ ও ‘সুপারগার্ল’

হলিউড বক্স অফিসে নতুন প্রতিদ্বন্দ্বী এসেও শীর্ষস্থান ধরে রেখেছে অ্যানিমেশন সিনেমা ‘টয় স্টোরি ৫’। অন্যদিকে বহুল প্রতীক্ষিত ‘সুপারগার্ল’ মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকায় ১ কোটি ৮০ লাখ ডলার আয় করে শক্ত অবস্থান তৈরি করেছে। বাংলাদেশি টাকায় এটি প্রায় ২২১ কোটি ৬০-৭০ লাখ টাকা। দ্বিতীয় সপ্তাহে ৪ হাজার ৪২৫টি প্রেক্ষাগৃহ থেকে শুক্রবার ‘টয় স্টোরি ৫’ আয় করেছে ২ কোটি ১০ লাখ ডলার। সপ্তাহা শেষে সিনেমাটির আয় ৭ থেকে ৮ কোটি ডলারের মধ্যে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে উত্তর আমেরিকায় এর মোট আয় প্রায় ৩০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছে যাবে। এর আগে মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি ১৬ কোটি ডলার আয় করে ২০২৬ সালের সবচেয়ে বড় উদ্বোধনের রেকর্ড গড়ে। বিশ্বব্যাপী এর মোট আয় ইতোমধ্যে ৩১ কোটি ২০ লাখ ডলার ছাড়িয়েছে। অন্যদিকে ওয়ার্নার ব্রাদার্স ও ডিসি স্টুডিওসের নতুন সুপারহিরো সিনেমা ‘সুপারগার্ল’ গত শুক্রবার ৩ হাজার ৬০২টি প্রেক্ষাগৃহ থেকে ১ কোটি ৮০ লাখ ডলার আয় করেছে। সপ্তাহ শেষে সিনেমাটির আয় প্রায় ৫ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।