নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকায় নেশার টাকার জন্য নিজ মাকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ জুন) উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের আজাদ আলীর স্ত্রী ভুক্তভোগী রেহেনা, লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে অভিযোগ করেন, তার বড় ছেলে মো. আল-আমিন হোসেন (২৩) নেশার টাকা না পেয়ে তাকে মারধর করে আহত করেছেন।
অভিযোগের ভিত্তিতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই সোহেল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুরে অভিযুক্তের বাড়িতে অভিযান চালায় । এ সময় ঘরের ভেতর থেকে আল-আমিনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, আল-আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের অর্থ জোগাড় করতে তিনি প্রায়ই তার মায়ের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করতেন। সর্বশেষ টাকা না পেয়ে তিনি মাকে শারীরিকভাবে নির্যাতন করেন।
অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন। আদালত অভিযুক্ত আল-আমিনকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আল-আমিন বর্তমানে লালপুর থানা হাজতে রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হবে।