নওগাঁর পোরশায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, সীমান্তে চোরাচালান রোধ, বাল্যবিয়ে প্রতিরোধ, ইভটিজিং এবং বাজার মনিটরিং এর বিষয়ে আলোচনা করা হয়। সভায় ইউএনও রাকিবুল ইসলাম বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা ঠিক রাখার জন্য স্থানীয় প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা, মাদকের বিষয়ে কোন ছাড় নয়। এব্যাপারে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে। এছাড়াও তিনি এ উপজেলা সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ও চোরাচালান রোধে ও সীমান্ত পুশ ইন এর ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোসা. নাবিলা ফেরদাউস, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. কামাল উদ্দীন, কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আজিজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান সহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।