আগামী সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে এক, দুই ও তিন নম্বর এলাকাবাসীর কাছে দোয়া চেয়ে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা, কালি মেখে বিকৃত করা এবং পানের পিক ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী,সম্ভাব্য কাউন্প্সিলর প্রার্থী মোছাঃ সাথী সরকার সম্প্রতি বিভিন্ন এলাকায় নিজের পরিচিতিমূলক পোস্টার লাগান। এসব পোস্টারে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করা হয়। কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তরা একাধিক পোস্টার ছিঁড়ে ফেলে, কোথাও কালি মেখে বিকৃত করে এবং কিছু পোস্টারে পানের পিক ফেলে নষ্ট করে দেয়।
এ ব্যাপারে মোছাঃ সাথী সরকার বলেন, এখনো নির্বাচনি কোন তফশীল ঘোষণা হয়নি। তবুও সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে অনেকেই দোয়া চেয়ে পোস্টার লাগিয়েছেন। তাদের মধ্যে আমিও একজন। শুধু এলাকাবাসীর কাছে দোয়া চেয়ে আমি পোস্টার লাগিয়েছিলাম। কিন্তু এভাবে পোস্টার নষ্ট করা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু এ ধরনের আচরণ কোনোভাবেই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচয় বহন করে না।
স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেক সম্ভাব্য প্রার্থীর নিজের মতামত ও পরিচয় তুলে ধরার অধিকার রয়েছে। কারও পোস্টার ছিঁড়ে ফেলা বা বিকৃত করা রাজনৈতিক অসহিষ্ণুতা এবং অসভ্য আচরণেরই বহিঃপ্রকাশ। তারা দোষীদের চিহ্নিত করে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
স্থানীয়দের মতে, আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সব পক্ষের উচিত পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা, যাতে আগামীর নির্বাচনী আমেজ কোনোভাবেই নষ্ট না হয়।