আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল

চট্টগ্রাম ৪ আসনে নতুন নির্বাচনের ইঙ্গিত অ্যাটর্নি জেনারেলের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০২:৩৮ পিএম
চট্টগ্রাম ৪ আসনে নতুন নির্বাচনের ইঙ্গিত অ্যাটর্নি জেনারেলের

চট্টগ্রাম ৪ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগ বাতিল করে দেওয়ায় ওই আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিষয়টি আরও স্পষ্ট হবে। তবে তার অভিজ্ঞতা অনুযায়ী, ভোটাররা আবারও তাদের মতামত প্রকাশের সুযোগ পেতে পারেন।

মঙ্গলবার (৩০ জুন) আপিল বিভাগের রায়ের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন। জয়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ার পর ওই আসনে পুনর্নির্বাচন হবে, নাকি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পূর্ণাঙ্গ রায় না দেখে এর পরিণতি কী হবে, তা এখনই বলা ঠিক হবে না। তবে আমার অভিজ্ঞতা থেকে মনে করি, যেহেতু আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামত পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি, তাই জনগণ আবার তাদের মতামত প্রকাশের সুযোগ পাবেন বলে প্রত্যাশা করি।”

তিনি আরও বলেন, “এই রায়ের ফলে আসলাম চৌধুরী বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন, সেই অবস্থান আপাতদৃষ্টিতে আর থাকল না। আদালত সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন। পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা থাকতে পারে। তাই এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই।”

এর আগে মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম ৪ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন। এর ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।

মামলার নথি অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠে। তবে আপিল শুনানির শেষ দিনে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। পরে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হলে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখেন।

পরবর্তীতে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) আপিল বিভাগ ওই আবেদন গ্রহণ করে আদেশ দেন, আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।

সর্বশেষ আপিল বিভাগের রায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় এখন চট্টগ্রাম ৪ আসনের ভবিষ্যৎ নিয়ে নজর রয়েছে পূর্ণাঙ্গ রায়ের দিকে। সেই রায়ের ভিত্তিতেই পরবর্তী আইনি ও নির্বাচনসংক্রান্ত পদক্ষেপ নির্ধারিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে