নাটোরের সিংড়ায় আবাদী জমিতে পুকুর খনন করে মাটি বিক্রয়ের অভিযোগে হারুন (৩৫) নামের এক ভেকু (এস্কেভেটর) চালককে সাত দিনের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চামারী ইউনিয়নের সোনাঘাটি এলাকায় অভিযান পরিচালনা করে এই দন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। দন্ডপ্রাপ্ত ভেকু চালক হারুন পাশবর্তী ইউনিয়নের শেরকোল গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এসময় পৃথক দুটি জায়গা থেকে আটটি ভেকুর ব্যাটারী জব্দ করেছে প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার সোনাঘাটি এলাকায় আবাদী জমিতে অবৈধভাবে ভেকু দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ২০১৫ অনুযায়ী ভেকু চালককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এসময় সেখান থেকে ছয়টি ব্যাটারী এবং বাহাদুরপুর ও সোনাপুর থেকে আরো দুটি ব্যাটারী জব্দ করা হয়েছে। চলনবিলে কৃষি জমিতে পুকুর বন্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।