নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় সনজিত (৩৬) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়নের জামতলী-রাণীরহাট আঞ্চলিক সড়কের কাকিয়ান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সনজিত উপজেলার কৈডালা গ্রামের নরেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরেও সনজিত তার অটোরিকশাটি নিয়ে নিজ বাড়ি থেকে জামতলী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি কাকিয়ান নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাত মাছভর্তি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক সনজিতের মৃত্যু হয়। পরে লাশ তার বাড়িতে নিয়ে গেলে শোকের ছায়া নেমে আসে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।