বাগমারায় বিদ্যালয়ে জলবায়ু সচেতনতায় র‍্যালী সেমিনার ও বৃক্ষরোপণ

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০৯:৩২ পিএম
বাগমারায় বিদ্যালয়ে জলবায়ু সচেতনতায় র‍্যালী সেমিনার ও বৃক্ষরোপণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে রাজশাহীর বাগমারা উপজেলার চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে র‍্যালী সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। "জলবায়ু বিষয়ক পরিবর্তন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে" আয়োজিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। র‍্যালী শেষে বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের কারণ, এর প্রভাব এবং পরিবেশ সংরক্ষণে করণীয় বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা খাতুন, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বাস্তবায়নে লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LASE) প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের কোনো বিকল্প নেই। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা প্রয়োজন।
আপনার জেলার সংবাদ পড়তে