শেরপুরের শ্রীবরদীতে মাদক সেবন করার অপরাধে দুই মাদকসেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৯ জুন) রাতে এ সাজা প্রদান করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ। সাজা প্রাপ্তরা হলো শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের চক কাউরিয়া এলাকায় সিরাজের ছেলে হানিফ (২২) ও ফজলুল সোবহানের ছেলে আলিমুল রাজি (৫০)।
জানা যায় সোমবার রাত ৯ টার দিকে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে উপ পুলিশ পরিদর্শক মোরশেদ আলম সঙ্গীয় পুলিশের অভিযানিক দল চককাউরিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় নেশারত অবস্থায় দুই মাদকসেবীকে নেশার সরঞ্জামসহ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ওই দুই জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। এ সময় শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এস আই মোরশেদ আলম, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলী সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।