অর্থপাচার মামলা: সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৩ জুলাই

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১ জুলাই, ২০২৬, ০৪:৩১ পিএম | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০৪:৩১ পিএম
অর্থপাচার মামলা: সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৩ জুলাই
ফাইল ছবি

বিদেশে পণ্য রফতানির আড়ালে প্রায় ২৮ লাখ ৩২ হাজার ডলার পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানসহ ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন আজ বুধবার এ আদেশ দেন।

এদিন অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন নির্ধারিত থাকলেও আসামিপক্ষের আইনজীবী মো. সজিবুল ইসলাম সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. আরিফুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন- বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমান, অটাম লুপ ও পিয়ারলেস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমান, পরিচালক রেজিয়া আক্তার, আরআর গ্লোবাল ট্রেডিং-এর স্বত্বাধিকারী আহমেদ শায়ান ফজলুর রহমান এবং আহমেদ শাহরিয়ার রহমান।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনুসন্ধানে জানতে পারে, বেক্সিমকো গ্রুপের অটাম লুপ অ্যাপারেলস লিমিটেড এবং পিয়ারলেস গার্মেন্টস লিমিটেডের মাধ্যমে এই অর্থ পাচার করা হয়েছে। অটাম লুপ অ্যাপারেলসের ক্ষেত্রে জনতা ব্যাংকের লোকাল অফিস শাখা থেকে তিনটি এলসির বিপরীতে পণ্য রপ্তানি করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে ২৮ লাখ ৩২ হাজার ৪২৮ মার্কিন ডলার দেশে আনা হয়নি।

তদন্তে আরও জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক প্রতিষ্ঠান ‘আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই’-এর ঠিকানায় এসব পণ্য পাঠানো হয়। প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছেন সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান (এ এস এফ রহমান) এবং এ এস এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান। অর্থাৎ, একই পরিবারের সদস্যদের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে পণ্য রপ্তানির মাধ্যমে পরিকল্পিতভাবে অর্থ বিদেশে স্থানান্তর করা হয়েছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপ-পরিদর্শক গোলাম মোস্তফা মামলা করেন। পরে ২০২৫ সালের ১১ নভেম্বর সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের পুলিশ পরিদর্শক মো. ছায়েদুর রহমান তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আপনার জেলার সংবাদ পড়তে