সৈয়দপুরে বিভিন্ন মহল্লায় রেলওয়ের গাছ এখন মৃত্যুফাঁদ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১ জুলাই, ২০২৬, ০৪:৩৯ পিএম | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০৪:৩৯ পিএম
সৈয়দপুরে বিভিন্ন মহল্লায় রেলওয়ের গাছ এখন মৃত্যুফাঁদ

ঐতিহ্যের সাক্ষী হয়ে শতবর্ষ ধরে দাঁড়িয়ে থাকা সৈয়দপুর রেলওয়ের অসংখ্য পুরোনো বৃক্ষ এখন জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকিতে পরিণত হয়েছে। শহরের রেলওয়ে কলোনি, কাজীপাড়া, মিস্ত্রীপাড়া, গোলাহাট, বাঁশবাড়ী,মুন্সিপাড়া, গোয়ালপাড়া,সাহেবপাড়া, পোস্ট অফিস মোড়,  রেলওয়ে হাসপাতাল সংলগ্ন এলাকা এবং বিভিন্ন মহল্লায় শতবর্ষ অতিক্রমকারী অনেক গাছের ডালপালা শুকিয়ে গেছে, কাণ্ড ফেটে গেছে এবং অনেক গাছ হেলে পড়েছে। সামান্য ঝড়-বৃষ্টিতেই এসব গাছের বড় বড় ডাল ভেঙে পড়ছে। এতে যে কোনো সময় প্রাণহানি কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ বা প্রয়োজনীয় ছাঁটাইয়ের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। বর্ষা মৌসুম শুরু হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। ঝড়ো হাওয়ায় বিশাল আকৃতির ডালপালা ভেঙে বসতবাড়ি, বিদ্যুতের লাইন কিংবা চলাচলরত মানুষের ওপর পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

রেলওয়ে কলোনীর বাসিন্দারা জানান, কয়েকটি গাছের শিকড় দুর্বল হয়ে পড়েছে এবং অনেক গাছ ভেতর থেকে পঁচে গেছে। বাইরে সবুজ দেখালেও এসব গাছ যে কোনো সময় উপড়ে পড়তে পারে। শিশু, বৃদ্ধ এবং পথচারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। পরিবেশ সচেতন ব্যক্তিরা বলছেন, পুরোনো গাছ নির্বিচারে কেটে ফেলা সমাধান নয়। তবে যেসব গাছ বিশেষজ্ঞদের মতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অপসারণ এবং একই সঙ্গে নতুন করে অধিক সংখ্যক বৃক্ষরোপণ করা প্রয়োজন। এতে যেমন জননিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে।

সংশ্লিষ্টদের মতে, বর্ষা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আগে রেলওয়ের প্রকৌশল বিভাগ এবং বন বিভাগ যৌথভাবে ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিলে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সৈয়দপুরে রেলওয়ের বিভিন্ন অবকাঠামো ও সম্পদ ব্যবস্থাপনা নিয়ে নানা উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা ঝুঁকিতে থাকা পুরোনো গাছগুলোর বিষয়ে স্থানীয়দের উদ্বেগ এখনও কাটেনি। ৩০ জুন জিআরপি মোড়ে একটি গাছ ভেঙ্গে পড়ে সড়কে। প্রানহানির কোন ঘটনা না ঘটলেও ওই পথে যাতায়াত বন্ধ থাকে কয়েক ঘন্টা। স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় গাছটি অপসারণ করার পর চলাচল স্বাভাবিক হয়।

আপনার জেলার সংবাদ পড়তে