চাঁদপুর শহরের মিশন রোড এলাকার লেক থেকে তিন বস্তা কোরআন শরীফ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে স্থানীয়রা লেকের পানিতে বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লেকের পাড়ে তিনটি প্লাস্টিকের বস্তা ভাসছিল। বস্তা খুলে ভেতরে কোরআন শরীফ দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া কোরআন শরীফগুলো পুরনো ও কিছুটা নষ্ট হয়ে গেছে। কে বা কারা কী উদ্দেশ্যে লেকে ফেলেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের আশঙ্কায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। স্থানীয় আলেম-ওলামা ও মুসল্লিরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। উদ্ধারকৃত কোরআন শরীফগুলো যথাযথ ধর্মীয় মর্যাদায় সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।