বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো: মশিউর রহমান খান। এতে সভাপতিত্ব করে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট কৃষি সমপ্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক মো: মোতাহার হোসেন। পার্টনার প্রকল্পের খুলনা অঞ্চলের মনিটরিং কর্মকর্তা মো: মোদাসেসক হোসেন, ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট থানা আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারী আবুল আলা মাসুম প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো: তোহিদুল ইসলাম। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় কৃষি কর্মকর্তারা বলেন, কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, জলবায়ু সহনশীল চাষাবাদ ও কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অধীনে পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত একটি মিলনমেলা হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। সংসদ সদস্য মো: মশিউর রহমান খান বলেন, দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মানসম্মত কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করতে হবে।