রাজশাহীর তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কয়েকটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) সাইধারা গ্রামে। ফলে, চলাচলের রাস্তায় বেড়া দেয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ কয়েকটি পরিবার অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২জুলাই) সাইধারা গ্রামবাসি বাদি হয়ে একই গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র হেফাজ উদ্দিনসহ ৫ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, রাজশাহীর তানোর উপজেলার মাইদারা গ্রামের সাইধারা মৌজায়, জেল নম্বর ৫৩, আরএস খতিয়ান নম্বর ৩৮২ ও ৩৭৬, আরএস দাগ নম্বর ১৮১ ও ১৮২, শ্রেণি অকৃষি, পরিমাণ ০,১০ শতাংশ ও ০,০৫ শতাংশ মোট ০,১৫ শতাংশ জমির ওপর দিয়ে রাস্তা রয়েছে। গ্রামের কয়েকটি পরিবার বংশপরম্পরায় ওই রাস্তা দিয়ে চলাচল করে আসছেন। কিন্ত্ত গত মঙ্গলবার হেফাজ উদ্দিন তার লোকজন নিয়ে বাঁশের বেড়া দিয়ে ওই রাস্তা বন্ধ করে দিয়েছেন। মানুষের চলাচলের রাস্তা জোরপুর্বক বন্ধ করে দিয়েছেন হেফাজ উদ্দীন ও তার লোকজন। অপর দিকে বিবাদীগন জোরপূর্বক ভাবে ১৪ থেকে ১৫ বছর ধরে আদিবাসির জমি ভোগদখল করে আসছেন। কিন্তু বর্তমানে তাঁরা মানুষের চলাচলের রাস্তটিও জোর পুর্বক বাঁশের খুটি ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন।গ্রামবাসি রাস্তাটি খুলে দেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে হেফাজ উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জায়গা তাদের নিজস্ব সম্পত্তি, এটা কখানোই রাস্তা ছিলো না। তারা বেড়া দিয়েছেন তবে মানুষের চলাচলের মতো জায়গা ছেড়ে দেয়া আছে। তানোর উপজেলা সির্বাহী অফিসার নাঈমা খান বলেন, আমি অভিযোগটি এখনো পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।