কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়েছে জনতা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ১০:৪৪ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়েছে জনতা

বরিশালের মুলাদী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তারের পর হ্যান্ডকাপসহ স্থানীয় জনগণ ছিনিয়ে নিয়েছে। বিকেলে আসামী ছিনতাইয়ের পর পুলিশ দেনদরবার করে গভীর রাতে হ্যান্ডকাপ ফেরত পেয়েছে।  ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজারে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বাজার থেকে আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভুঁইয়াকে পুলিশ গ্রেপ্তার করে।

এসময় স্থানীয় জনগণ পুলিশকে ঘিরে ধরে। একপর্যায়ে হ্যান্ডকাপসহ সেতুকে ছিনিয়ে নিয়ে যায়। হ্যান্ডকাপ খুইয়ে পুলিশ বিপাকে পড়ায় তা ফেরত পেতে রাত পর্যন্ত স্থানীয়দের সঙ্গে দেনদরবার করে।  পরবর্তীতে সমঝোতা হলে গভীর রাতে পুলিশের দেয়া চাবি নিয়ে হ্যান্ডকাপ খুলে ফেরত দেয়া হয়। এ ঘটনায় মুলাদী থানার এসআই মনির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেছেন।  মুলাদী থানার ওসি মো. খন্দকার সোহেল রানা আসামী ছিনতাইয়ের সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি দাবী করেন, ঘটনার পর পরই পুলিশ হ্যান্ডকাপ ফেরত পেয়েছে। 

তিনি জানান,  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিলো। সেতু ভুইয়া ওই মামলার এজাহারভুক্ত ৫ নাম্বার আসামী।  তাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে এসআই মনির হোসেন বৃহস্পতিবার মামলা করেছেন। ওই মামলায় আসামি সেতুসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে