জিয়ানগরে সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা, চলাচল বন্ধ

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ৩ জুলাই, ২০২৬, ০৩:২৫ পিএম | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৩:২৫ পিএম
জিয়ানগরে সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা, চলাচল বন্ধ

পিরোজপুরের জিয়ানগর উপজেলার একটি সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় লিয়াকত আলী (৭০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়কটিতে মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের মধ্য বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  অভিযুক্ত লিয়াকত আলী ওই গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিপাড়া বাজার থেকে চৌকিদারহাট পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি ১৯৯২ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান সোবহান হোসেনের উদ্যোগে মাটি ভরাট করা হয়। পরে ২০২০ সালে স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন টিয়ার, কাবিখা ও এডিপির অর্থায়নে সড়কটিতে ইটের সলিং নির্মাণ করা হয়। বর্তমানে সরকারি আইডিভুক্ত এ সড়ক দিয়ে জিয়ানগর, মোরেলগঞ্জ ও বাগেরহাট এলাকার প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন। অভিযোগ রয়েছে, মধ্য বালিপাড়া গ্রামের মিজান খানের বাড়ির সামনে প্রায় ৩০০ ফুট সড়কের ইট তুলে তিনটি স্থানে টিনের বেড়া দিয়েছেন লিয়াকত আলী ও তার দুই ছেলে মিরাজ হোসেন (৩৫) এবং সোহেল। এতে সড়ক দিয়ে মানুষের চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। স্থানীয়দের ভাষ্য , এটি শতবর্ষেরও বেশি পুরোনো একটি জনসাধারণের চলাচলের রাস্তা। অভিযোগের বিষয়ে লিয়াকত আলী বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয়রা প্রভাব খাটিয়ে আমার প্রায় ৯ শতক জমির ওপর দিয়ে রাস্তা নিয়েছে। তাই আমি আমার জমিতে বেড়া দিয়ে ঘর তুলেছি।” বালিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, “এটি সরকারি আইডিভুক্ত রাস্তা। প্রতিদিন ২০ হাজারেরও বেশি মানুষ এ সড়ক ব্যবহার করেন। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে লিয়াকত আলী ও তার দুই ছেলে রাস্তার ওপর টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা করেছেন।” জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বত খান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে