লৌহজংয়ে কৃষকদের সার, গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৩ জুলাই, ২০২৬, ০৬:২৮ পিএম | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৬:২৮ পিএম
লৌহজংয়ে কৃষকদের সার, গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে এই কর্মসুচীর আয়োজন করা হয়েছে। শুক্রবার ৩ জুলাই সকালে লৌহজং উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুকাইয়া শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান-উদ-দৌলা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা ও ওমর ফারুক অবাক, লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাদল হাওলাদারস স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খরিপ মৌসুমে রোপা আমন (উফশী জাত), গ্রীষ্মকালীন শাক-সবজির (উফশী ও হাইব্রিড) বীজ, লেবুর চারা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় স্থানীয় কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি উন্নত জাতের ফসল চাষে কৃষকদের আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে ৭৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং ৩৮০ জন কৃষকের মাঝে ফলজ গাছের চারা ও সার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে