আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো সুইজারল্যান্ড

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৭:০৭ পিএম
আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো সুইজারল্যান্ড

আলজেরিয়াকে শেষ ৩২-এ থামিয়ে দিলো সুইজারল্যান্ড। টানা চতুর্থবার বিশ্বকাপের শেষ ষোলোতে খেলা নিশ্চিত করল তারা, তবে নকআউটে তাদের জয় এলো ৮৮ বছর পর। ১০ মিনিটে ব্রিল এম্বোলো সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। অবশ্য সব কৃতিত্ব জোহান মানজাম্বির। এই অ্যাটাকিং মিডফিল্ডার আলজেরিয়ার অর্ধ থেকে বল টেনে নেন। তারপর বল নিয়ন্ত্রণে রেখে বক্সে ঢোকেন। ছয় গজ বক্সের মধ্যে এম্বোলোর জন্য সহজ বল বানিয়ে দেন। লিড নেয় সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র ৪৮ সেকেন্ড লেগেছে সুইজারল্যান্ডের ব্যবধান দ্বিগুণ করতে। আলজেরিয়া বল বিপদমুক্ত করতে চাইলেও পারেনি। ড্যান এনডোয়ে বক্সের প্রান্তে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে দূরের কোণা দিয়ে জাল কাঁপান। ৮১ মিনিটে সহজ একটি গোলের সুযোগ নষ্ট করে সুইজারল্যান্ড। দূরের পোস্টে দাঁড়িয়ে থাকা রেইডার গোড়ালির শটে ফাঁকা জালে বল না জড়িয়ে গোলরক্ষকের হাতে তুলে দেন। ১৯৩৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট ম্যাচে জিতল সুইজারল্যান্ড। ওইবার তারা শেষ ষোলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালে খেলেছিল। জার্মানিকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে শেষ আটে হাঙ্গেরির কাছে ২-০ গোলে হারে তারা। শেষ ষোলোতে সুইজারল্যান্ড খেলবে কলম্বিয়া বা ঘানার বিপক্ষে।