পথভোলা সেই কিশোরী, পুলিশের ৩দিনের প্রচেষ্টায় ফিরল বাড়ী

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
| আপডেট: ৩ জুলাই, ২০২৬, ০৭:৩৪ পিএম | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৭:৩৩ পিএম
পথভোলা সেই কিশোরী, পুলিশের ৩দিনের প্রচেষ্টায় ফিরল বাড়ী

ভুল করে ট্রেনে উঠে বাড়ি থেকে বহু দূরে নাটোরের লালপুরে এসে পড়েছিল ১৪ বছর বয়সী অল্প বুদ্ধিসম্পন্ন কিশোরী রুমা খাতুন। পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনিশ্চয়তায় পড়ে তার ভবিষ্যৎ। তবে লালপুর থানা পুলিশের আন্তরিকতা, ধৈর্য ও টানা তিন দিন-তিন রাতের প্রচেষ্টায় শেষ পর্যন্ত পরিবারের কাছে ফিরে যেতে পেরেছে সে। মানবিক এ ঘটনায় প্রশংসায় ভাসছে লালপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুন ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে আব্দুলপুর রেলস্টেশন এলাকায় এক কিশোরীকে অসহায়ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দা সাকিবুল হাসান বিষয়টি লালপুর থানায় জানান। খবর পেয়ে রাতের জরুরি ডিউটিতে থাকা এএসআই শাহীনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করেন। পরে তাকে নিরাপদে লালপুর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে রাখা হয় এবং বিষয়টি উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হয়।

প্রথমদিকে কিশোরীটি নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে না পারায় তার পরিবারের সন্ধান পাওয়া সম্ভব হচ্ছিল না। এরপর পুলিশ সদস্যরা ধৈর্যের সঙ্গে তার সঙ্গে কথা বলতে থাকেন। একপর্যায়ে জানা যায়, তার নাম রুমা খাতুন। বাবার নাম ইশারত মোল্লা। বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামে। ভুলবশত ট্রেনে উঠে সে আব্দুলপুর রেলস্টেশনে নেমে পড়েছিল।

পরবর্তীতে লালপুর থানা পুলিশ বোয়ালমারী থানার সহযোগিতায় রুমার পরিবারের সন্ধান পায়। তার ভাই মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয় এবং তাকে লালপুর থানায় আসতে অনুরোধ জানানো হয়।

শুক্রবার (৩ জুলাই) রুমার ভাই থানায় উপস্থিত হলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. ফজলুর রহমানের উপস্থিতিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রুমা খাতুনকে তার ভাইয়ের জিম্মায় হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত পরিবারের সদস্যরা লালপুর থানা পুলিশ, বোয়ালমারী থানা পুলিশ, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উদ্ধারকাজে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে লালপুর থানা পুলিশ যে মানবিকতার পরিচয় দিয়েছে, তা জনমনে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং জনবান্ধব পুলিশিংয়ের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে