জামালপুরে বিচারক দম্পতির বাসায় দুর্র্ধষ চুরির ঘটনায় সাবেক স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের আমলাপাড়া ও হাই স্কুল মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (৩ জুলাই) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মেলান্দহ উপজেলার চর পলিশা গ্রামের আলেক মিয়ার স্ত্রী নিলুফা (৩২), জামালপুর সদর উপজেলার তিতপল্লা সরদার পাড়া এলাকার মনির হোসেনের স্ত্রী মোছা: হাওয়া বেগম (৩০), আমলাপাড়া এলাকার সুমুতুল্লাহের ছেলে কালা চান (৫০), নয়াপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে সুমন মিয়া (৩৯), কলেজ রোড় এলাকার আমজাদ হোসেনের ছেলে নাজমুল ইবনে হোসেন বিপ্লব (৩৯)। এরমধ্যে সুমন মিয়া জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও নাজমুল ইবনে হোসেন বিপ্লব সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ জুন মঙ্গলবার রাত ৮ টার দিকে জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় জামালপুরের সিভিল জজ আদালতের মেলানদহ কোটের বিচারক আহমাদুল কবির সাকিল ও দেওয়ানগঞ্জ কোটের বিচারক নুসরাত জেরিন জেনি এর বাসার জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ৫টি স্বর্ণের আংটি, ১টি ডায়মন্ডের আংটি, ২টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের ঝুমকা, ১টি স্বর্ণের ব্রেসলেট, ১ সেট স্বর্ণের মালা এবং নগদ ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। যার সর্বমোট বাজার মূল্য ১৯ লক্ষ ১৭ হাজার ৯শত ৮৫ টাকা। পরে বিচারক আহমাদুল কবির বাদী হয়ে জামালপুর সদর মামলা দায়ের করেন। পুলিশ মামলার বাদী ও বিভিন্ন সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে একই বিল্ডিং এর কাজের মেয়ে নিলুফাকে শহরের আমলাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নতুন হাই স্কুল মোড় থেকে সুমন মিয়া, নাজমুল ইবনে হোসেন বিপ্লব, কালা চান ও হাওয়া বেগমকে গ্রেফতার করে। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানো নির্দেশ দেন। এ বিষয়ে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন বলেন, গ্রেফতারকৃতরা সাবেক কমিটির থাকা নেতা। বর্তমানে তারা স্বেচ্ছাসেবক দলের কেউ না।