প্রকাশিত সংবাদের প্রতিবাদ

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০৪:৩৯ পিএম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় "শিক্ষকের বিরুদ্ধে ১১ বছর বয়সী শিক্ষার্থীকে হাত বেঁধে নির্যাতনের অভিযোগ" শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মাদ্রাসা কতৃপক্ষ। প্রকাশিত সংবাদে পত্তাশী দারুল উলূম নেছার উদ্দিন মাদ্রাসা এবং প্রতিষ্ঠানের শিক্ষকের বিরুদ্ধে যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তার অধিকাংশই একপাক্ষিক, অতিরঞ্জিত এবং প্রকৃত ঘটনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট শিক্ষক, মাদ্রাসা কর্তৃপক্ষ কিংবা পরিচালনা কমিটির বক্তব্য যথাযথভাবে গ্রহণ ও উপস্থাপন করা হয়নি। ফলে পাঠকদের কাছে বিভ্রান্তিকর ধারণার সৃষ্টি হয়েছে এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে। ছাত্রদের মধ্যে সংঘঠিত একটি ঘটনার পরপরই মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার পরিচালনা কমিটি এবং বিবাদমান পক্ষের উপস্থিতিতে একটি বৈঠকের আয়োজন করে। সেখানে উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টির পারস্পরিক সমাধান করা হয়।  নিষ্পত্তি হওয়া ঘটনাটিকে অভিযোগ হিসেবে উপস্থাপন করা সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শিক্ষার্থীর বাবা  মোঃবাবুল সরদার বলেন, "এ ঘটনায় আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা হয়েছে।"

মাদ্রাসার সভাপতি আলমগীর হোসেন বলেন, "বিষয়টি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মীমাংসা করা হয়েছে। কিন্তু পত্রিকায় যেভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা প্রকৃত ঘটনার সঙ্গে মিল নেই। এতে মাদ্রাসার মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে।" আমরা স্পষ্টভাবে জানাতে চাই, পত্তাশী দারুল উলূম নেছার উদ্দিন মাদ্রাসা শিক্ষার্থীদের নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো ছাত্র, শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানের বিধি-বিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তদন্ত বা সত্যতা যাচাই শেষ হওয়ার আগেই কাউকে দোষী হিসেবে উপস্থাপন করা ন্যায়সঙ্গত নয়।

অতএব, সংশ্লিষ্ট সংবাদে প্রকাশিত একপাক্ষিক ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়ে আমরা প্রকৃত ঘটনা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য গ্রহণ করে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে