কাপাসিয়ায়বরিশালে ১১ দলীয় জোটের সমাবেশ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ১১:২৬ এএম
কাপাসিয়ায়বরিশালে ১১ দলীয় জোটের সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। শনিবার (৪ জুলাই) নগরীতে আয়োজিত এ কর্মসূচিতে নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান করেন। সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে বর্তমান সরকারের পরিণতিও অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো হতে পারে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের অবসান হয়েছে। কেউ যদি আবারও ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করে, দেশের জনগণ তা প্রতিহত করবে। একই সঙ্গে জুলাই গণহত্যা, গুম, খুনসহ সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। মাওলানা বাবর আরও বলেন, রাজনৈতিক দলগুলোর আপত্তি থাকা সত্ত্বেও জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছিল দেশের স্থিতিশীলতার স্বার্থে। কিন্তু গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তিনি অবিলম্বে গণভোটের রায় কার্যকর এবং জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের আহবান জানান। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন স্থানে চাঁদাবাজি, গুম, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। পতিত ফ্যাসিবাদের অনুসারীরা ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ অবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন তিনি।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির বরিশাল জেলা সভাপতি আবু সাঈদ মুসা, বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জাগপা বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেন, এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জি এম রাব্বি, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান এবং ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি আতিকুল ইসলাম। এ সময় মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নেতারা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য বজায় রাখার আহবান করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে