পটুয়াখালীর কলাপাড়ায় সদ্য খনন করা স্বনির্ভর খালের দুই পাড়ে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচী আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে এ বৃক্ষ রোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলাপাড়ায় সফরে এসে স্বনির্ভর খাল নিজ হাতে খনন করেছিলেন। বিএনপি ক্ষমতায় এসে এ খালটি আবার পুনঃ খননের উদ্যোগ নেয়। প্রথম দফায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ খালের ১৪৫০ মিটার খনন সম্পন্ন হয়। এরপর খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির ১৬০০ গাছ রোপন করা হয়। কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলো গত চার মাসে তা প্রতিটি বাস্তবায়ন শুরু করেছে। এ প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। খাল খনন হয়েছে। এবার খালের দুই পাড়ে বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচী কলাপাড়ায় শুরু হলো। এছাড়া কৃষককার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ কলাপাড়ার উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, কৃষি ও মৎস্য চাষের মাধ্যমে এ এলাকার মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে এজন্য পর্যায়ক্রমে সকল খাল খনন করা হবে। বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা করা হবে। বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম উপস্থিত ছিলেন।