আকাশপথে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু, প্রবাসীদের স্বস্তির হাসি

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) :
| আপডেট: ৫ জুলাই, ২০২৬, ০৩:২৪ পিএম | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ০৩:২৪ পিএম
আকাশপথে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু, প্রবাসীদের স্বস্তির হাসি

দীর্ঘ চার মাসের অপেক্ষা, উদ্বেগ আর নানা দাবিদাওয়ার পর অবশেষে আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। বোরবার (৫ জুলাই) সকালে ম্যানচেস্টার থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা। বিমানবন্দরে ছিল উৎসবমুখর পরিবেশ, আর প্রবাসীদের চোখেমুখে ছিল স্বস্তি ও আনন্দের ছাপ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ইএ-২০৮ নির্ধারিত সময়ের প্রায় ১৫ থেকে ২০ মিনিট আগেই সিলেটে পৌঁছায়। দীর্ঘ বিরতির পর প্রথম ফ্লাইট হওয়ায় যাত্রীদের বরণ করতে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। হজ মৌসুমে উড়োজাহাজ সংকটের কারণে কয়েক মাস আগে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এই আন্তর্জাতিক রুট। এরপর যুক্তরাজ্যপ্রবাসী, বিশেষ করে সিলেটি কমিউনিটির মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। দেশে-বিদেশে নানা কর্মসূচি, স্মারকলিপি ও ধারাবাহিক দাবির মধ্য দিয়ে তারা একটাই বার্তা দিয়েছিলেন। যে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে হবে। সরকার হজ মৌসুম শেষে ফ্লাইট পুনরায় চালুর আশ্বাস দিয়েছিল। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে আবারও চালু হলো বহুল প্রত্যাশিত এই রুট। সংশ্লিষ্টদের দাবি, বিষয়টি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সমন্বয়মূলক ভূমিকা পালন করেছেন।

এই রুট পুনরায় চালু হওয়ায় সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন বয়স্ক ও পরিবার-নির্ভর প্রবাসীরা। এতদিন ম্যানচেস্টার থেকে ঢাকায় নেমে আবার অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেট আসতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও কষ্টকর। এখন সরাসরি সিলেটে পৌঁছাতে পারায় তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সিলেট-ম্যানচেস্টার রুট শুধু একটি বিমানসেবা নয়; এটি প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের সঙ্গে যুক্তরাজ্যের মানুষের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। সেই সেতু আবারও সচল হওয়ায় স্বস্তি ফিরেছে সিলেটের হাজারো প্রবাসী পরিবারের মধ্যে।

আপনার জেলার সংবাদ পড়তে