অভিভাবকদের জন্য বিশ্রামালয়, প্রশংসিত হয়েছেন ছাত্রদল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ০৫:২৬ পিএম
অভিভাবকদের জন্য বিশ্রামালয়, প্রশংসিত হয়েছেন ছাত্রদল

এইচএসসি পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের জন্য বিশ্রামালয় ও সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি'র নির্দেশনায় বরিশালের গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অভিভাবকদের জন্য এ ব্যবস্থা করে দিয়েছেন। ছাত্রদল নেতা হীরা রহমান সাদ্দাম ও রবিউল ইসলাম জানান, সরকারি গৌরনদী কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ায় পরীক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরা আসেন। পরীক্ষা শুরু হওয়ার পর দীর্ঘসময় পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের বাহিরে রোদ ও বৃষ্টিতে অভিভাবকদের অপেক্ষা করতে হয়। যা তাদের (অভিভাবক) জন্য অস্বস্তিকর। বিষয়টি অনুধাবন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নির্দেশনায় পরীক্ষা কেন্দ্রের বাহিরে ছাউনি ও চেয়ার দিয়ে বিশ্রামালয় তৈরি করে দেওয়া হয়েছে। পাশাপাশি গরমে কেউ যেন পানির কষ্ট না পায় সেজন্য সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।

তারা আরও জানান, পরীক্ষা শুরুরদিন থেকে বিশ্রামালয় ও পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। পরীক্ষার শেষদিন পর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে। একাধিক অভিভাবকরা জানিয়েছেন, এমন মানবিক আয়োজন সত্যিই প্রশংসনীয়। বিশ্রামালয়টি প্রত্যেক অভিভাবকদের জন্য স্বস্তি এনে দিয়েছে। সামাজিক ও জনকল্যাণমূলক কাজে ছাত্র নেতাদের এভাবেই এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, বিশ্রামালয় তৈরি আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচী নয়, বরং অপেক্ষারত অভিভাবকদের জন্য বিশ্রামালয় তৈরি করে দেওয়া ছাত্রদলের দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই বিশ্রামালয় ও সুপেয় পানির ব্যবস্থা করে সর্বত্র প্রশংসিত হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের এই ক্ষুদ্র প্রয়াস অভিভাবকসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আপনার জেলার সংবাদ পড়তে