পাবনা-২আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেছেন সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এবং জবরদখলদারদের শেকড় উৎপাটন করতে হবে। এরা যদি বিএনপির ত্যাগী, পরীক্ষিত এবং দুর্দিনে রাজপথের লড়াকু সৈনিকও হয়ে থাকে তবুও তাদের আইনের আওতায় আনা হবে। শুধু তাই নয়, দলেও তাদের ঠাঁই হবেনা। কেননা নিরাপদ, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে বিশেষ করে মাদক ও সন্ত্রাস বড় অন্তরায়। গতকাল রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুজানগর পৌর বাজারে আয়োজিত এক বিশাল নাগরিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনএসআই পাবনার যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল, পাবনা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার, পাবনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শহিদুল মান্নাফ কবির, বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, র্যাব পাবনা-২’র কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান ও সুজানগর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া প্রধান অতিথির সেলিম রেজা হাবিব এদিন উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করেন।