রাজশাহী মহানগরের বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ কৃতি শিক্ষার্থীকে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ উপহার প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলে উৎসাহিত করার লক্ষ্যে তিনি এ আর্থিক সহায়তা প্রদান করেন। রবিবার (৫ জুলাই) বিকেলে নগর ভবনে ১২ জন কৃতি শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা তুলে দেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় তিনি বলেন, এমন মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের প্রতি আন্তরিক যত্ন ও উৎসাহ তাদের বড় স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কারণে মাদ্রাসা শিক্ষার্থীদেরও পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিক বিকাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। এসময় তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও দেশপ্রেমের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বুধপাড়া আলিম মাদ্রাসার কৃতি শিক্ষার্থীরা হলেন, সাইয়েদুল আববার সাইফ, আব্দুল্লাহ আল মাহী, সিরাতুল মুরসালিন সিরাত, তাসাউফ আহমাদ, রাফিয়া আক্তার রুকু, শাহরিন আক্তার রিমি, আব্দুল্লাহ আল আতিব, মো. মোর্তুজা, জাহিন মুরসালিন, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইসতিয়াক, আব্দুর রহমান। এ সময় বুধপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল করিম সিদ্দিকীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তথ্যটি নিশ্চিত করে রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু রবিবার সন্ধ্যায় জানান, গত ২৫ জুন বুধপাড়া আলিম মাদ্রাসা ভবনের নতুন ৪র্থ তলার উদ্বোধন, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। ওই অনুষ্ঠানে তিনি কৃতি ১২ শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে উপহার প্রদানের প্রতিশ্রুতি দেওয়ার প্রেক্ষিতে তা বাস্তবায়ন করলেন।