জিয়ানগরে ৪ বছরের শিশুকে অপহরণের অভিযোগ

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ০৮:০২ পিএম
জিয়ানগরে ৪ বছরের শিশুকে অপহরণের অভিযোগ

পিরোজপুরের জিয়ানগরে ঘরের জানালা ভেঙে ফাহিম খান (৪) নামে এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে।  শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ ফাহিম খান সদর ইউনিয়নের কালাইয়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজু খানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রাতে শিশুটির দাদি রেকসনা বেগম, বড় বোন আরিফা ও ফাহিম একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের পেছনের জানালা ভেঙে শিশুটিকে নিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানালাটি ভাঙা দেখতে পেয়ে অপহরণের অভিযোগ করেন। ঘটনার সময় শিশুটির বাবা চাকরির কারণে ঢাকায় ছিলেন। শিশুটির দাদি রেকসনা বেগম বলেন, “ভোরে ঘুম ভেঙে দেখি ফাহিম পাশে নেই। পরে দেখি ঘরের পেছনের জানালা ভাঙা। আমার নাতিকে ফিরে পেতে চাই।” শিশুটির মা সুরাইয়া আক্তার জানান,, স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল এবং সম্প্রতি তিনি তালাকের নোটিশ পাঠিয়েছেন। তার ভাষ্য, “আমার সন্দেহ, সন্তানকে নিয়ে অপহরণের নাটক সাজানো হয়েছে। আমি আমার সন্তানের সন্ধান চাই।” জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বত খান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে