দিনাজপুরের ঘোড়াঘাটে চড়া সুদের ঋণ পরিশোধের পরও অতিরিক্ত টাকা দাবি এবং তা না পেয়ে এক গরিব অসহায়ের উপার্জনের একমাত্র মাধ্যম 'অটো ভ্যান' আটকে রেখে ৬০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী অটো ভ্যান চালক জয়নাল মিয়া (৬০) ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাউতগাড়ী গ্রামের মৃত সৈয়দ আলী মণ্ডলের ছেলে জয়নাল মিয়া প্রায় ২ বছর পূর্বে স্থানীয় একটি অননুমোদিত ক্ষুদ্র ঋণ সমিতি থেকে ২০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। অভাবের কারণে তিনি চড়া সুদে সেই টাকা নিয়মিত পরিশোধ করে আসছিলেন। বর্তমানে সুদ ও আসল মিলিয়ে মোট ২৮,০০০ টাকা পাওনা দাবি করে আসছিল সুদের কারবারিরা। কিন্তু দিনমজুর জয়নাল মিয়ার সাংসারিক টানাপোড়েনের কারণে ওই টাকা পরিশোধে কিছুটা বিলম্ব হওয়ায় তার উপর শুরু হয় নানা অত্যাচার ও হুমকি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৭/০৬/২০২৩ ইং তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় জয়নাল মিয়া উপজেলার রানীগঞ্জ বাজার হতে যাত্রী নিয়ে তার অটোভ্যান যোগে সাউতগাড়ী গ্রামের জনৈক 'বুলু মিয়া'র বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত বিবাদীগণ তার পথরোধ করে। এ সময় তারা জয়নাল মিয়াকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার অটো ভ্যানটি কেড়ে নেয় এবং সেটি ফেরত দেওয়ার বিনিময়ে ৬০,০০০ টাকা চাঁদা দাবি করে।এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন- উপজেলার সাউতগাড়ী ও মদাগাড়ী গ্রামের বাসিন্দা মো. বেলাল মিয়া (৫০), মো. হামিদুল (৪৫) এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা।
ভুক্তভোগী জয়নাল জানান,তার সংসার চালানোর একমাত্র ভ্যানটি ছিনতাই হওয়াতে তিনি দিশাহারা হয়ে পরেছেন। এ ব্যাপারে ঘোড়াঘাট ৎানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান,অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।