শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মোল্লাহাটে ভ্যানচালক নিহত

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) :
| আপডেট: ৬ জুলাই, ২০২৬, ০৩:৪৮ পিএম | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৩:৪৮ পিএম
শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মোল্লাহাটে ভ্যানচালক নিহত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে সোহাগ শেখ (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ ওই গ্রামের নাসির শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিনটি শিশু সন্তান রেখে গেছেন। স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, রোববার দুপুর ১টার দিকে জিন্দার শেখের ছেলে আবু হুরায়রা (৮) ও তার আপন চাচা নাবুল শেখের ছেলে নুর হোসেনের (৯) মধ্যে ঝগড়া হয়। এ সময় তাদের আরেক চাচাতো ভাই ইসলাম শেখ দুই শিশুকে একটি করে চড় মেরে ঝগড়া থামিয়ে দেন।

অভিযোগে বলা হয়, পরে নুর হোসেন ইসলাম শেখকে গালাগাল করে বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। এরপর নুর হোসেনের মা ক্ষুব্ধ হয়ে ইসলাম শেখকে গালাগাল করেন। ইসলাম শেখ বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও তা নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। নিহতের পরিবারের দাবি, রাত সাড়ে ৮টার দিকে নুর হোসেনের বাবা ও বড় ভাই মিলে ইসলাম শেখকে মারধর করেন। পরে ইসলাম শেখের ভাই সোহাগ শেখ বাড়ির পাশের দাউদ চৌকিদারের দোকানের সামনে গেলে সেখানে তাকে মারধর করা হয়। একপর্যায়ে আওয়াল শেখ (২০) তাকে ছুরিকাঘাত করেন। এ সময় আওয়াল শেখের মা ও পরিবারের আরও কয়েকজন সদস্য ঘটনায় অংশ নেন বলেও নিহতের পরিবারের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় সোহাগ শেখকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা সহ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অপরাধীদের আটকের চেষ্টা চলছে। তবে, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে