বৈশ্বিক উদযাপনের সঙ্গে সংহতি রেখে বরিশালে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। "উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ" শ্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরে বরিশাল নগরীর টিটিসি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে দিবসটিকে কেন্দ্র করে নানা আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে বক্তারা উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহবান করেন। অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। শেষে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।
একইদিন আগৈলঝাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসের র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রসাশন ও পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসের উদ্যেগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমজাদ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) হাফিজুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচএম শাহাদাত হোসেন প্রমুখ। শেষে সুফলভোগীদের মাঝে বিনামুল্যে দুই শতাধিক পিচ গাছের চারা ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।