চাটমোহরে

মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৬ জুলাই, ২০২৬, ০৪:১০ পিএম | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৪:১০ পিএম
মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে

চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের মদদ দেওয়া ও এলাকাবাসীকে হয়রানীর অভিযোগে গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী। ‘মাদককে না বলি,সুস্থ সমাজ গড়ি’ এই শ্লোগান নিয়ে গত শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া বটতলা এলাকায় গণস্বাক্ষর কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী। এ সময় মাদক ব্যবসায়ীদের ও তাদের মদদ দাতাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণস্বাক্ষর করেন এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ। গণস্বাক্ষর চলাকালে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন,গুনাইগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম আলাল, গুনাইগাছা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড মেম্বার ও আওয়ামী লীগ নেতা মজিবর রহমান,বিএনপি কর্মী হেলাল উদ্দিন,শুকুর আলী,মোরশেদা খাতুন,জমেলা খাতুন প্রমুখ। 

বক্তারা বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চরপাড়া এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধে স্থানীয় বিএনপি নেতাকর্মী এলাকাবাসীতে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। প্রশাসনও মাদকের বিরুদ্ধে তৎপর। তাদের অভিযোগ,আশরাফুল নামে এক মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজা তাকে দিয়ে থানায় এলাকাবাসীর নামে মিথ্যা অভিযোগ দিয়েছেন। সমপ্রতি মাদকের বিরুদ্ধে অবস্থানকারী এলাকার কয়েকজন বিএনপি নেতা ও এলাকাবাসীর নামে জেলা প্রশাসক,ইউএনও,এসি ল্যান্ড ও থানার ওসির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই আশরাফুল গং। অথচ গত ৩ জুলাই সেই অভিযুক্ত মাদক ব্যবসায়ী আশরাফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসী বিএনপি নেতা সেলিম রেজার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নিতে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানান তারা।  এ বিষয়ে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে,তার কোন ভিত্তি নেই,সম্পূর্ণ মিথ্যে। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছি,তাহলে আমার যে শাস্তি হয়,তা মেনে নেবো। সেলিম রেজা অভিযোগ করেন,যারা আমার বিরুদ্ধে এসব করছেন,তারা আওয়ামী লীগের দোসর ও বিগত নির্বাচনে ধানের শীষের বিপক্ষে কাজ করেছে। মূলতঃ পানি উন্নয়ন বোর্ডের জলকর নিয়ে সৃষ্ট বিরোধে আমার প্রতিপক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের াপচেষ্টায় রিপ্ত হয়েছে। মাদককে তারা সামনে এনে ফায়দা লোটার চেষ্টা করছে। তার্ইা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিয়ে মাদকের বিরুদ্ধে মিছিল করছে। সেলিম রেজা বলেন,আমার মানহানী করে অপপ্রচার চালানো হচ্ছে,আমি শীঘ্রই আইনগত ব্যবস্থা নেবো। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে,গত ৭ জুন চরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলামকে তার মাদক ব্যবসা বন্ধে মৌখিকভাবে নিষেধ করেন এলাকাবাসী। পরদিন ৮ জুন ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে এলাকার কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন আশরাফুল। আর তার পক্ষ নিয়ে সহযোগিতা করেন বিএনপি নেতা সেলিম রেজা। মিথ্যা অভিযোগে এলাকাবাসীকে হয়রানীর প্রতিবাদে ১৩ জুন সন্ধ্যায় প্রথম বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। ১৭ জুন গুনাইগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাল ও বিএনপি কর্মী হেলালকে লাঞ্ছিত করে বিএনপি নেতা সেলিম রেজার চাচা গুনাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইজাবত আলী। এরপরই এলকায় পক্ষে-বিপক্ষে মিছিল হয়। লাঞ্ছিত করা হয় বিএনপি নেতা সেলিম রেজাকে। মারপিটের ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। বর্তমানে এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।