পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ একজন মাদক কারবারী আটক হয়েছে। রবিবার (৫ জুলাই) দিবাগত রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে নুয়েল গমেহ (২৮) নামের একজন মাদক কারবারীকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। নুয়েল গমেজ ওই এলাকার নিখিল গমেজের ছেলে। এ সময় তার সহযোগি মথুরাপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন পালিয়ে যায়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান,পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় চাটমোহরকে মাদকমুক্ত করতে থানা পুলিশ মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। এই অভিযানের অংশ হিসেবে মাদক কারবারী নুয়েল গমেজকে চোলাই মদসহ আটক করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। জুয়া ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।