নাটোরের লালপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে বিষপান করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। সোমবার (৬ জুলাই) দুপুরে বিদ্যালয় চলাকালীন এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রাকিব (১১) সোমবার দুপুর ১২টার দিকে ক্লাস চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সে আবার শ্রেণিকক্ষে ফিরে আসে। এ সময় সহপাঠীরা তার শরীর থেকে বিষের তীব্র গন্ধ পেয়ে বিষয়টি শ্রেণিশিক্ষককে জানায়। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা, অন্যান্য শিক্ষক এবং স্থানীয়দের সহযোগিতায় দ্রুত রাকিবকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাকিব উপজেলার চরজাজিরা গ্রামের বাসিন্দা রফিজের ছেলে। কী কারণে সে বিষপান করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বিষপানের বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিকেল চারটার দিকে তার স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি, সে কথা বলতে পারছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কেন এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।" এদিকে স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও পারিবারিক পরিবেশের বিষয়েও গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।