সৈয়দপুরে জোর করে জমি দখল ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৬, ০৫:৩৭ পিএম
সৈয়দপুরে জোর করে জমি দখল ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা

নীলফামারীর সৈয়দপুরে পৈতৃক সম্পত্তির ন্যায্য অংশ বুঝিয়ে না দিয়ে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। বিচার ও নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী আকবর আলীর পরিবার সৈয়দপুর থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলার বাদী হয়েছেন মোঃ ওমর ফারুক আনিসুল। ৭ জুলাই নিজ বাড়ী বোতলাগাড়ী ইউনিয়নের সমলাপাড়ায় গেলে ওই পরিবার অভিযোগ করেন , দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে পৈতৃক জমির অংশ নিয়ে বিরোধ চলে আসছে। ভুক্তভোগী আকবর আলীর দাবি, আইনগতভাবে প্রাপ্য জমি বুঝিয়ে দেওয়ার পরিবর্তে প্রতিপক্ষ আশরাফ আলী নানা টালবাহানা করে আসছে। সর্বশেষ জমির অংশ দাবি করলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ফেরদৌস আলম,আকবর আলী,সাহিন, ওমর ফারুকসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বলেও দাবি করা হয়। আরও অভিযোগ করা হয়, হামলার ঘটনায় জড়িত ময়নুল,আবু সাঈদ,আলামিন,খয়রুল, মিলন,আতিয়ার রহমান,হাসিব,সাহোনাসহ আরো কয়েকজনের নামে থানায় অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

এতে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছে বলে জানানো হয়। ভুক্তভোগী পরিবার অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং পৈতৃক সম্পত্তির ন্যায্য অংশ বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মামলার বাদী ওমর ফারুক বলেন, আমরা বড় অসহায় হয়ে পড়েছি। আসামীরা আমাদের জমির অংশ না দিয়ে কারণে অকারণে হয়রানি করছেন।গায়ে পড়ে ঝগড়া লাগিয়ে মারপিট করছেন।আমি আজ কয়েকদিন থেকে তাদের ভয়ে বাড়ীতে যেতে পারছি না। মামলা করায় আমাকে প্রাণে মেরে ফেলার হুমকী দেয়া হচ্ছে। আমি তাদের বিচার দাবি করছি।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম রেজা বলেন, থানায় মামলা হয়েছে আসামীরা পলাতক থাকায়

গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে পুলিশ চেষ্টা করছে আসামীদের গ্রেফতারের।

আপনার জেলার সংবাদ পড়তে