দেশের বাজারে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ২০ টাকা কমানো হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১২টা থেকে নতুন এ মূল্য কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
মঙ্গলবার (৭ জুলাই) বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে লিটারপ্রতি দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা।
একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক রুটে চলাচলকারী দেশি ও বিদেশি এয়ারলাইন্সের ক্ষেত্রে এই নতুন মূল্য প্রযোজ্য হবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ও যশোর বিমানবন্দরসহ সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে নতুন দর কার্যকর হবে। ভবিষ্যতে চালু হওয়া বিমানবন্দরেও একই মূল্যহার প্রযোজ্য হবে।
এ নিয়ে টানা চার দফায় জেট ফুয়েলের দাম কমাল বিইআরসি। এর আগে শনিবার (৭ জুন) অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ ১ ফুয়েলের গড় মূল্য, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এলসি নিষ্পত্তিতে ডলারের বিনিময় হার এবং পরিবহন ব্যয়ের পরিবর্তন বিবেচনায় জুলাই মাসের নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।
মার্চ ও এপ্রিল মাসে আন্তর্জাতিক বাজারের প্রভাবে জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়লেও মে মাস থেকে ধারাবাহিকভাবে মূল্য সমন্বয় করে আসছে নিয়ন্ত্রক সংস্থাটি। সর্বশেষ সিদ্ধান্তে অভ্যন্তরীণ ফ্লাইটে মে মাসের পর থেকে চার দফায় প্রতি লিটারে মোট ৯৬ টাকা ৯ পয়সা দাম কমেছে।