টানা বর্ষণে শ্রীমঙ্গলে জনজীবন বিপর্যস্ত, ৩৩ ঘণ্টায় ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৪:০৫ পিএম
টানা বর্ষণে শ্রীমঙ্গলে জনজীবন বিপর্যস্ত, ৩৩ ঘণ্টায় ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত

টানা বর্ষণে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।  মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার দুপুর ৩টা পর্যন্ত ৩৩ ঘণ্টায় শ্রীমঙ্গলে ১৬২.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, দুপুরের পরও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একটানা বৃষ্টিতে শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। প্রয়োজনীয় কাজ ছাড়া লোকজনকে ঘরের বাইরে বের হতে দেখা যায়নি। বাজার, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। মুষলধারে বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী ভিজে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হয়। অভিভাবকদেরও সন্তানদের নিয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে। একই সঙ্গে অফিসগামী চাকরিজীবী ও বিভিন্ন পেশার মানুষকে ভিজেই কর্মস্থলে যেতে দেখা গেছে। বিশেষ করে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের চলাচলে ভোগান্তি বেড়ে যায়। দেশের অন্যতম বৃষ্টিপ্রবণ অঞ্চল এবং চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত নতুন কিছু নয়। তবে টানা বর্ষণে চা-বাগানের স্বাভাবিক কার্যক্রমও কিছুটা ব্যাহত হয়েছে। অনেক শ্রমিককে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই কাজ করতে হয়েছে, আবার কোথাও কোথাও কাজের গতি কমে এসেছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবের কারণে এ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা বাড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টিতে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভোগান্তি আরও বাড়তে পারে বলে তাদের আশঙ্কা।

আপনার জেলার সংবাদ পড়তে