চার দশক পেরিয়ে চাঁদপুর সাহিত্য একাডেমি

১০ দিনের বর্ণাঢ্য কর্মসূচিতে মুখরিত সাহিত্যাঙ্গন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৪:২৭ পিএম
১০ দিনের বর্ণাঢ্য কর্মসূচিতে মুখরিত সাহিত্যাঙ্গন

বাংলাদেশের অন্যতম সাহিত্য-সাংস্কৃতিক প্রতিষ্ঠান সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলাজুড়ে ১০ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৯৮৬ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি চার দশক ধরে জেলার সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পর্কে পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম জানান, সাহিত্য একাডেমি চাঁদপুরে সাহিত্যচর্চার অনন্য বাতিঘর। ৪০ বছর পূর্তিতে সাহিত্যভিত্তিক নানা আয়োজনের পাশাপাশি স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক সচেতনতা বিষয়ক  কর্মসূচিও হাতে নেয়া হয়েছে। পুরো আয়োজন সফলভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে। তারা কাজ করছেন। একাডেমির পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক জানান, এবারের আয়োজন শুধু একাডেমির মিলনায়তনে সীমাবদ্ধ রাখা হয়নি। কর্মসূচিগুলো চাঁদপুরের বিভিন্ন উপজেলা, শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগারে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণের সুযোগ পান।

একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ, বইপাঠ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা পাঠ ও আলোচনা সভা, লেখালেখি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, দেয়ালিকা প্রকাশ, সাহিত্য একাডেমির প্রয়াত সদস্য ও লেখকদের স্মরণে মিলাদ ও দোয়া, প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চাঁদপুর আগমন দিবস উপলক্ষে আলোচনা সভা। তিনি জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি কর্মসূচি সম্পন্ন হয়েছে। আগামী ১১ জুলাই সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ১০ দিনের আয়োজন। সাহিত্য একাডেমির সহ-সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য আবদুল্লাহিল কাফী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ জুলাই লেখালেখি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক। এছাড়া চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান প্রবন্ধ ও গবেষণা বিষয়ে এবং শরীফ মাহমুদ চিশতী কবিতা বিষয়ে প্রশিক্ষণ দেবেন।

একাডেমির মহাপরিচালক কাদের পলাশ জানান, চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লোকগবেষক ড. তপন বাগচী এবং কথাসাহিত্যিক নাসিমা আনিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমির সভাপতি আহমেদ জিয়াউর রহমান। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাকালীন প্রধান সম্পাদক কাজী শাহাদাত বলেন, সাহিত্য একাডেমি দীর্ঘদিন ধরে জেলার বুদ্ধিবৃত্তিক ও সাহিত্যিক ঐতিহ্যের ধারক। ৪০ বছর পূর্তি উপলক্ষে কর্মসূচিগুলো জেলার বিভিন্ন স্থানে আয়োজন করায় প্রান্তিক পর্যায়ের লেখক, পাঠক ও সংস্কৃতিকর্মীদের সম্পৃক্ততা বেড়েছে।। এটি ভবিষ্যতের সাহিত্যচর্চার জন্য ইতিবাচক দিক। চাঁদপুরের জেলা প্রশাসক ও একাডেমির সভাপতি আহমেদ জিয়াউর রহমান বলেন, সাহিত্য একাডেমির ৪০ বছরের এই পথচলা শুধু একটি প্রতিষ্ঠানের ইতিহাস নয়, এটি চাঁদপুরের সাহিত্য ও সংস্কৃতি চর্চার ধারাবাহিকতারও প্রতীক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে বই, সাহিত্য ও সংস্কৃতিমুখী করে তুলতে চাই। পাশাপাশি এমন আয়োজন জেলার নবীন ও প্রবীণ লেখক, শিল্পী এবং সংস্কৃতিকর্মীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।

তিনি আরো বলেন, সামনের দিনগুলোতে সাহিত্য একাডেমি কীভাবে আরো বৃহৎ আঙ্গিকে সাহিত্যচর্চা ও চাঁদপুরের সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করতে পারে সে লক্ষ্যে ইতোমধ্যে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি, যা আগামীতে দৃশ্যমান হবে।

আপনার জেলার সংবাদ পড়তে