সংসদে মাধবপুর-নাসিরনগর

আঞ্চলিক সড়ক সংস্কার ও সতু নির্মাণের জোর দাবি এমপি ফয়সলের

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৬:৩৫ পিএম
আঞ্চলিক সড়ক সংস্কার ও সতু নির্মাণের জোর দাবি এমপি ফয়সলের

জাতীয় সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক দ্রুত সংস্কার এবং কাষ্টি নদীর ওপর একটি সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল। বুধবার সন্ধ্যায় সংসদে জন গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত উত্থাপিত বক্তব্যে তিনি বলেন, মাধবপুর ও নাসিরনগরের মধ্যকার এই আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, খানাখন্দ ও চলাচল অনুপযোগী অবস্থার কারণে সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীবাহী যানবাহনের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এবং কাষ্টি নদীর ওপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে একটি বেইলি ব্রীজ নির্মিত হলেও আজ সময়ের প্রয়োজনে একটি সেতু নির্মাণ হলে মাধবপুর ও নাসিরনগরের মধ্যে সরাসরি যোগাযোগ সহজ হবে। এতে দুই উপজেলার মানুষের যাতায়াত সময় ও ব্যয় কমবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণেও মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়ক সংস্কার কাজ শুরু এবং কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের আহ্বান জানান। এদিকে, সংসদে বিষয়টি জোরালোভাবে উপস্থাপনের পর মাধবপুর ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কার ও সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে